হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন
প্রকাশ : ১১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত নুরুল হক হত্যা মামলার রায় ১৮ বছর পর ঘোষণা করেছেন আদালত। আলোচিত এ মামলায় সহোদর তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক ফারজানা আহমেদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শাহবাজ মিয়া (৫৮), হানিফা (৫০) ও রফিকুল ইসলাম (৫৩)। রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১০ আগস্ট সকালে শিলাসী গ্রামে নুরুল হকের বাড়ির পাশের একটি বরই বাগানে স্থানীয় কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি নুরুল হকের বাড়ির টিনের বেড়ায় আঘাত করলে তিনি ক্ষুব্ধ হয়ে খেলা বন্ধ করতে বলেন এবং ছেলেদের সেখান থেকে সরিয়ে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ছেলেদের স্বজন শাহবাজ মিয়াসহ পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নুরুল হকের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের ছেলে কাজল মিয়া বাদী হয়ে গফরগাঁও থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তিন ভাইয়ের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য তিন আসামিকে খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট এএইচএম মাসুদুল আলম খান তান্না রায়ের প্রতিক্রিয়ায় বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন। দীর্ঘ সময় পর হলেও আদালতের এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
