নিজেদের অর্থায়নে সেতু তৈরি করল গ্রামবাসী
প্রকাশ : ১২ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া গ্রামে গাজীখালী নদীর ওপর নির্মিত হয়েছে একটি সেতু, তাও আবার সরকারি সহায়তা ছাড়াই। গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে ৮০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের এই সেতুটি। ৩৫ থেকে ৪০ লাখ টাকা ব্যয়ে এই সেতুর নির্মিত হয়েছে ফলে কান্দাপাড়া, নয়াপাড়া, ভগনপুর কেষ্টি, গাঙ্গুটিয়া ও ধানকোড়াসহ প্রায় ১২টি গ্রামের ১০ হাজার মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটলো।
সাটুরিয়া উপজেলার ধানকুড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে ২০২৫ সালের মার্চে শুরু হওয়া এই সেতুর নির্মাণকাজ চলতি বছরের এপ্রিলের প্রথম সম্পাহের দিকে শেষ এবং জন সাধারণের জন্য চলাচলের উপযোগী হয়।
বর্তমানে সেতুটি দিয়ে নানা ধরনের ছোট বড় যানবাহন অনায়াসে চলাচল করছে। বাজারের মতো গুরুত্বপূর্ণ ও বাণিজ্য কেন্দ্রে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের ঝুঁকি ও সময় সাশ্রয় হচ্ছে এই সেতুটি নির্মাণ হওয়াতে।
কান্দাপাড়া গ্রামের বয়োজ্যেষ্ঠ বাসিন্দা জানু মিয়া (৮০) সে স্বস্তি প্রকাশ করে বলেন, এ বারের বর্ষায় আল্লাহ রহমতে তাদের আর কোনো সমস্যা হবে না। আগে প্রতি বছর বর্ষার সময় নৌকায় নদী পার হতে হতো এবং বাকি সময়ে বাঁশের সাঁকো ব্যবহার করতে হতো। নৌকা ডুবে যাওয়া বা সাঁকো থেকে পড়ে আহতের ঘটনা প্রায়ই ঘটত যা এখন ইতিহাস হয়ে গেল।
