‘বেকার সমস্যা সমাধানে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করছে’

প্রকাশ : ১২ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। এই অঞ্চলের মানুষ শিল্প-কারখানা ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় অধিকাংশ তরুণ-তরুণী বেকার অবস্থায় জীবনযাপন করছে। এই বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরিতে শিল্পোন্নয়ন অত্যন্ত জরুরি। গতকাল সোমবার সকালে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে প্রাণ আরএফএল চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, দেশে বেকারত্ব বর্তমানে একটি বড় অভিশাপ এবং তা দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। এই সমস্যা সমাধানে সরকার এরইমধ্যে নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করছে। নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে কর্মসংস্থানের সুযোগ তৈরি লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করছে। পাশাপাশি হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি বলেন, এই অঞ্চলে উৎপাদিত খাদ্যশস্য ও কৃষিপণ্য উদ্বৃত্ত রয়েছে। এসব কৃষিপণ্যকে কাজে লাগিয়ে শিল্পকারখানা গড়ে তুললে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব হবে। এ ছাড়া, এই অঞ্চলের মানুষের সরলতা, শ্রমের সহজলভ্যতা, উর্বর জমি ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি শিল্পকারখানা গড়ে তোলার জন্য অনুকূল।

চাকরিপ্রত্যাশীদের উদ্দেশে ত্রাণমন্ত্রী বলেন, ঘরমুখো না হয়ে নিয়োগপ্রাপ্তদের প্রতিষ্ঠানের নির্বাচিত স্থানে যোগদান করতে হবে। কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এরপর মন্ত্রী খোদাবাগ বড়বাড়ী কুলাঘাট হতে আউলিয়ার পাট রোড পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চাকরি মেলায় সরকারি কর্মকর্তা, জেলার চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে অনলাইন গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে লালমনিরহাটে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।