লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় বাড়ির উঠানে পড়ে থাকা লিচুর বিচি গলায় আটকে হোসাইন নামে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। হোসাইন ওই গ্রামের মাসুদ হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে লিচুর বিচি পড়েছিল। সকালে শিশু হোসাইন উঠানে খেলার সময় সকলের অজান্তে লিচুর বিচি মুখে দেয়। এতে লিচুর বিচি ওই শিশুর গলায় আটকে ছটফট করতে থাকে। এসময় পরিবারের সদস্যরা লিচুর বিচি বের করার চেষ্টা করে ব্যর্থ হয়ে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আরাফাত ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটির মৃত্যু হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম।
