মুন্সীগঞ্জে মার্কেটগুলোতে টয়লেট সুবিধা কম, ভোগান্তি
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাসুদ রানা, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন বিপণিবিতান, পোশাকের দোকান ও শপিংমার্কেটে পর্যাপ্ত টয়লেট বা ওয়াশরুম না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য এই সমস্যা দিন দিন প্রকট হয়ে উঠছে।
শহরের ব্যস্ত মার্কেটগুলোতে ঘণ্টার পর ঘণ্টা কেনাকাটা করলেও ব্যবহারযোগ্য কোনো পাবলিক ওয়াশরুম না থাকায় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে।
শহরের মসজিদ মার্কেট, পৌর মার্কেট, স্টেডিয়াম মার্কেট, সুপার মার্কেট, মুন্সীগঞ্জ বাজারসহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, অধিকাংশ বিপণিবিতানে নেই কোনো নির্দিষ্ট টয়লেট ব্যবস্থা। কোথাও কোথাও দোকান মালিকদের ব্যক্তিগত টয়লেট থাকলেও তা সাধারণ ক্রেতাদের জন্য উন্মুক্ত নয়।
দেওভোগ থেকে কেনাকাটা করতে আসা গৃহিণী শান্তা আক্তার বলেন, মার্কেটে এসে অনেক সময় দুই-তিন ঘণ্টা থাকতে হয়। কিন্তু জরুরি প্রয়োজনে ব্যবহার করার মতো কোনো ওয়াশরুম পাওয়া যায় না। নারীদের জন্য এটা খুবই কষ্টকর ও বিব্রতকর। কলেজছাত্রী মুন্নী বলেন, বন্ধুদের সঙ্গে শপিং করতে এসে সবচেয়ে বড় সমস্যায় পড়তে হয় ওয়াশরুম নিয়ে। অনেক সময় বাধ্য হয়ে বাসায় ফিরে যেতে হয়।
মুন্সীগঞ্জ পৌর মার্কেটের ফুল ব্যবসায়ী লিটন জানান, বর্তমানে মার্কেটগুলো আধুনিক হচ্ছে, কিন্তু মৌলিক নাগরিক সুবিধার বিষয়টি গুরুত্ব পাচ্ছে না। শহরে একটি বড় পৌর মার্কেটে অন্তত নারী-পুরুষের জন্য আলাদা টয়লেট থাকা উচিত। পৌর মার্কেটে আগে টয়লেট ছিল, সেগুলো ভেঙে পৌর কর্তৃপক্ষ বছর চারেক আগে এগুলো বিক্রি করে দিয়েছে।
মুন্সীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক বলেন, শহরের বেশিরভাগ মার্কেট অনেক আগে নির্মাণ করা। সেসময় কোনো মালিক এই বিষয়টি ভাবেনি। নতুন করে যেসব মার্কেট তৈরি করা হচ্ছে সেসব মার্কেটে টয়লেট থাকা জরুরি। এ ছাড়া পৌরসভার পক্ষ থেকে পাবলিক টয়লেট নির্মাণ করলে সমস্যার কিছুটা সমাধান হবে বলে আমি মনে করি।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরীর নুপুর বলেন একটি মার্কেট নির্মাণ করতে হলে কিছু নিয়ম মেনে করতে হয়। বিশেষ করে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা রাখতে হয়। মুন্সীগঞ্জে অধিকাংশ মার্কেটে পর্যাপ্ত টয়লেট নাই সে ক্ষেত্রে নারী ও শিশুদের নানা সমস্যায় পড়তে হয়। পৌর কর্তৃপক্ষের কাছে দাবি থাকবে মার্কেটগুলো যাতে নিয়ম মেনে করে সেদিকে দেখভাল করা এবং পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা যাতে থাকে সে বিষয়ে বিশেষ নজর দেওয়া।
এ বিষয়ে মুন্সীগঞ্জ পৌরসভার সিও মো: তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। শহরের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে জনসাধারণের জন্য পর্যাপ্ত টয়লেট সুবিধা নিশ্চিত করতে আমরা ব্যবসায়ী সমিতি ও মার্কেট মালিকদের সঙ্গে আলোচনা করব। নতুন মার্কেট নির্মাণের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত ওয়াশরুম বাধ্যতামূলক করার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। মুন্সীগঞ্জ পৌর মার্কেটে ও টয়লেটের ব্যবস্থা করা হবে এ বিষয়ে একটি টেন্ডার ও অলরেডি হয়েছে।
