অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা রাজবাড়ী পুলিশ
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি
অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে রাজবাড়ী জেলা পুলিশ।
গতকাল মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনস্, রাজারবাগে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘গ’ গ্রুপে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার কার্যক্রমে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে রাজবাড়ী জেলা পুলিশ।
এ উপলক্ষে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে রাজবাড়ী জেলা পুলিশকে পুরস্কৃত করেন। রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম (সেবা) আইজিপির হাত থেকে সম্মাননা পদক ও পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তারা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে রাজবাড়ী জেলা পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
রাজবাড়ী জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্র উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় এ সাফল্য অর্জিত হয়েছে। জেলা পুলিশের কর্মকর্তারা বলেন, এই অর্জন রাজবাড়ীবাসীর জন্য গর্বের। ভবিষ্যতেও জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
