গাজীপুর সিটি কর্পোরেশনে মাসব্যাপী কর মেলা উদ্বোধন
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি পরিকল্পিত ও স্বনির্ভর নগর গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী ‘কর মেলা-২০২৬’ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মহানগরের আটটি জোনে একযোগে এই মেলার উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। নগরবাসীকে কর প্রদানে উৎসাহিত করা এবং বকেয়া কর আদায়ের মাধ্যমে কর্পোরেশনের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ মেলার আয়োজন করা হয়েছে। এবারের কর মেলায় নাগরিকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। আবাসিক হোল্ডিং মালিকরা যদি বকেয়াসহ চলতি বছরের কর একসঙ্গে পরিশোধ করেন, তবে তারা ৪০ শতাংশ পর্যন্ত কর মওকুফ সুবিধা পাবেন। মেলার প্রথম দিনেই এই আকর্ষণীয় সুবিধার কারণে করদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
কর মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, জনগণের রাজস্বই নগর উন্নয়নের মূল চালিকাশক্তি। আধুনিক ও পরিকল্পিত নগর গড়তে নাগরিকদের নিয়মিত কর প্রদানের বিকল্প নেই। আপনাদের দেওয়া করের অর্থ দিয়েই রাস্তা, ড্রেন ও আলোকায়নসহ সব ধরনের নাগরিক সেবা নিশ্চিত করা হয়। তিনি কর পরিশোধের মাধ্যমে গাজীপুরকে একটি পরিচ্ছন্ন ও স্বনির্ভর নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গাসিক অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশাই রিছীল, কর নির্ধারণ কর্মকর্তা মো. আতাউর রসূল ভূঁইয়া এবং লাইসেন্স কর্মকর্তা মো. আব্দুর রশিদসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, আগামী এক মাস প্রতিদিন নির্ধারিত জোনগুলোতে এই কর মেলা ও বিশেষ সেবা কার্যক্রম চলবে। এর আগে , ঈদুল আযহা উপলক্ষে জয়দেবপুর বাজার পরিদর্শন করেন প্রশাসক মো. শওকত হোসেন সরকার। বাজার পরিদর্শনকালে তিনি বিভিন্ন দোকান ও মার্কেট ঘুরে দ্রব্যমূল্য যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রশাসক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, সরবরাহ পরিস্থিতি এবং ক্রয়-বিক্রয়ের রশিদ পরীক্ষা করেন। বাজার কমিটির সঙ্গে কিচেন মার্কেটে ক্রেতা ও ভোক্তাদের চলাচলের সুবিধার্থে নির্মাণাধীন নতুন রাস্তার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে স্থায়ী ও অস্থায়ী গরুর হাটে যাতে বিশৃঙ্খলা তৈরি না হয় সে ব্যাপারে সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবী টিম ও গাজীপুর মহানগর পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। রাস্তায় যাতে করে জনসাধারণের চলাচলে কোনো ধরনের ভোগান্তি না পোহাতে হয় সেজন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশন। এছাড়া ঈদ কেন্দ্র করে বাজারে যেন কৃত্রিম সংকট বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি না ঘটে, তা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন নিয়মিতভাবে বাজার মনিটরিং করছে। সার্বিকভাবে বাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে কয়েকজন ব্যবসায়ী তাদের পণ্যের ক্রয়মূল্যের রশিদ দেখাতে পারেননি, তাদের সতর্ক করা হয়েছে।
প্রশাসক আরও জানান, ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে মূল্যতালিকা টাঙানো, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং ভোক্তাদের সঙ্গে স্বচ্ছ আচরণ নিশ্চিত করার জন্য। কেউ যদি এসব নির্দেশনা অমান্য করে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাজার পরিদর্শনের সময় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গেও মতবিনিময় করা হয়।
বাজার পরিদর্শনকালে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশাই রিছীলসহ অন্যান্য কর্মকর্তারা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন। তারা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করতে সিটি কর্পোরেশন, ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
