মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে মাদক মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ মাদককারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তারা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর গ্রামের ফজলর রহমানের ছেলে জসিম উদ্দিন ও চর আলাতুলী গ্রামের তাহসান আলীর ছেলে পিয়ারুল ইসলাম। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক বেগম লাইলা শারমিন এ রায় দেন। ওই আদালতের অতিরিক্ত এপিপি শামসুজ্জোহা শাহান শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপনসংবাদের ভিত্তিতে ২০২২ সালের ৬ জুলাই সিরাজগঞ্জে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার ভেংড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই ২ মাদককারবারিকে গ্রেপ্তার করে র্যাব-১২ সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৩৪৩ গ্রামে হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা হয়। বিজ্ঞ আদালত এ মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষে উল্লেখিত রায় ঘোষণা করেন।
