খাদ্য পরিদর্শককে মারধরের আসামি গ্রেপ্তার

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় দায়িত্ব পালনকালে ভ্যাট ইন্সপেক্টর মো. সাইফুল ইসলামকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও হাত ভেঙে দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তুহিন (৩২) বাঞ্ছারামপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের ভিটি ঝগড়ার চর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। গত ৯ মে শনিবার দুপুরে উপজেলার দুর্গারামপুর ব্রিজ এলাকায় ‘মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে ভ্যাট সংক্রান্ত কাগজপত্র যাচাই করতে যান কাস্টমস ও ভ্যাট কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। সরকারি ছুটির দিনে পরিদর্শনে যাওয়ায় প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান তাকে ‘ভুয়া কর্মকর্তা’ বলে সন্দেহ করেন। একপর্যায়ে স্থানীয়দের জড়ো করে তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। হামলায় কর্মকর্তার একটি হাত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। বিষয়টি নিয়ে ১০ মে তারিখে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় গত মঙ্গলবার মামলা করেন। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ইয়াসিন বলেন, ভুক্তভোগী ভ্যাট ইন্সপেক্টর সাইফুল ইসলাম মামলা করেন। মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অভিযুক্তকে শনাক্ত করেছেন।