নানাবাড়িতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর একটার দিকে উপজেলার ৬ নম্বর নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুদের নাম আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)। তারা পার্শ্ববর্তী নেছারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মো. মিরাজ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই ভাই মায়ের সঙ্গে দুইদিন আগে নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের ভরতকাঠী গ্রাম থেকে নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের আমতলা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। সকাল থেকেই তারা তার মায়ের সঙ্গেই খেলা করছিল। তার নানার বাড়িতে বড় ভাই আব্দুর রহমান (৬) টিউবলের পানি চেপে তার মাকে সাহায্য ও করেছিল। আরও জানা যায়, পাশেই পুরাতন খাল ছিল। কয়েকদিন আগে সেটি সরকারিভাবে খনন হয়েছিল। খালটি অনেক গভীর ছিল। সেইখানেই তারা গতকালকে তার মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে অনেক আনন্দে মেতে উঠে। সেই লোভে তার মাকে ফাঁকি দিয়ে তারা দুই ভাই পাশেই থাকা সেই খালে দুপুর ১টার দিকে গিয়ে নিখোঁজ ছিল। বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করেও পাননি। একপর্যায়ে বাড়ির সামনের সরকারিভাবে কাটা খালেই তাদের লাশ ভেসে ওঠে।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রাসেল সিকদার বলেন, আমাদের মনে হচ্ছে, একজন অসাবধানতাবশত নতুন কাটা খালের পানিতে পড়ে গেলে আরেকজন তাকে টেনে তুলতে গিয়ে পানিতে ডুবে যায়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার স্নিগ্ধা মিত্র বলেন, হাসপাতালে শিশুকে যখন নিয়ে আসে, তখন তারা মৃত অবস্থায় ছিল।
নাজিরপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে আবেদন করায় লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
