চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

জেলা প্রশাসনের নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের মহিলা কলেজপাড়ার একটি আমবাগান থেকে আঁটি, গুটি ও বোম্বাই জাতের আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২০ মে থেকে হিমসাগর, ২৫ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি, ১৫ জুন ফজলি, ২০ জুন হাড়িভাঙ্গা, ২২ জুন ব্যানানা, ৩০ জুন আশ্বিনা ও বারি-৪, ৫ জুলাই কাটিমন এবং ৩১ জুলাই থেকে গৌড়মতি জাতের আম সংগ্রহ করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, আমের গুণগত মান বজায় রাখতে বাগান মালিক ও ব্যবসায়ীদের নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার অবশ্যই অনুসরণ করতে হবে। ক্যালেন্ডার অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আমে কোনো ধরনের রাসায়নিক বা ফরমালিন ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজারে নিরাপদ আম সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত তদারকি চালাবে।