বীরগঞ্জে বোরো ধান সংগ্রহের উদ্বোধন
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ খাদ্য গুদামে প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ খাদ্য গুদাম চত্বরে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের ফিতা কেটে উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম। উদ্বোধনকালে তিনি বলেন বর্তমান সরকার কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য সারাদেশে সরকারি খাদ্য গুদামে ধান চাল ক্রয় করছেন। কৃষকরা যেন তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান।
এ সময় উপস্থিত ছিলেন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজান সিরাজ, বীরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা বানু, বীরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা নবাব সনিমুল্লাহ, কবিরাজহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা নাজমুল হুদা, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেনসহ চালকল মালিক সমিতির নেতারা, কৃষকরা। বীরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা বানু জানান বীরগঞ্জ উপজেলার ২টি খাদ্য গুদামে ৩৬ টাকা কেজি দরে ১০,৪৬ টন ধান কৃষকদের নিকট থেকে ক্রয় করা হবে। এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে মিল মালিকদের নিকট থেকে ক্রয় করা হবে।
