মুরাদনগরে কৃষি উপকরণ বিতরণ
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে কৃষি সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থ বছরের ‘বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমারজেন্সি প্রিপেয়ারডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং)’-এর আওতায় কৃষকদের মধ্যে সার, বীজ ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘অ্যাগ্রিকালচারাল সিস্টেম রেস্টোরেশন কম্পোনেন্ট’-এর আওতায় সব প্রদর্শনীর কৃষকদের মধ্যে এসব মালামাল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পাভেল খাঁন পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা খামারবাড়ির জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোহাম্মদ রেজাউল করিম ভূইয়া। তিনি তার বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। টেকসই কৃষি পুনরুদ্ধারের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ‘বি-স্ট্রং’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ আল মামুন রাসেল এবং মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বী।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা ফেসিলেটেটর অফিসার শফিকুল ইসলাম এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. নূর আলম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং সঠিক সময়ে উন্নত মানের বীজ ও সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে অতিথিরা সুফলভোগী কৃষকদের হাতে প্রকল্পের আওতাভুক্ত সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ তুলে দেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো আপদকালীন সময়ে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
