ডাকাতদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় নজরুল ইসলাম (৫০) নামে এক সুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় উজ্জ্বল নামের একজনকে আটক করা হয়েছে।

গত বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বিষয়টি জানিয়েছেন। নিহত নজরুল ইসলাম মুক্তিশপুর গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে। এ সময় নিহতের স্ত্রী শাহানূর বেগমকে শ্বাসরোধ ও পিটিয়ে আহত করে। আহত শাহানূর বেগম বর্তমানে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, গভীর রাতে ৪-৫ জনের একদল মুখোশধারী ডাকাতদল বাড়ির সামনে এসে আমার স্বামীর নাম ধরে ডাকাডাকি করেন। এরপর দরজা খোলার পর তারা ঘরে ঢুকে আমার স্বামীকে হাত-পা বেঁধে মারধর শুরু করেন। একপর্যায়ে আমাকেও হাত-পা ও গলা বেঁধে মারধর করা হয়।

তিনি জানান, ডাকাতরা ঘরের চাবি নিয়ে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ ৬০ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।