মুন্সীগঞ্জে পৌরকর বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ পৌরসভার প্রস্তাবিত কর বৃদ্ধির সিদ্ধান্তকে ‘জনবিরোধী’ আখ্যা দিয়ে তা স্থগিত ও পুনর্নির্ধারণের দাবিতে নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘নাগরিক বন্ধু-মুন্সীগঞ্জ’। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সংগঠনটির সদস্যসহ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা কর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন।
নাগরিক বন্ধু-মুন্সীগঞ্জের আহ্বায়ক মু. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহসিন বেপারী, সাবেক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষক আশরাফুল ইসলাম মিশু, অ্যাডভোকেট রাইছুল ইসলাম ও জুলাই যোদ্ধা রায়হান রাব্বি প্রমুখ।
