বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্মেলন
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে গৃহীত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে ধর্মীয় নেতাদের অংশগ্রহণে উপজেলা পর্যায়ের এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সার্বিক সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও এনজিও অ্যাডভোকেসি কোয়ালিশন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপ-পরিচালক মো. সরোয়ার আকবর। স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কক্সবাজার এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিশিক। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম বলেন, ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহের হার বেশি। বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহের আগে বর-কনের জন্মতারিখ যাচাইয়ে ধর্মীয় নেতাদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সম্মেলনে উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সদস্য সচিব ফারুক আহমদ, ইউপি সদস্য স্বপন শর্মা রণি, মাওলানা আব্দুর রহিম, মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা ফয়েজ উল্লাহ ও মাওলানা জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন ধর্মীয় নেতা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। এটি একটি মেয়ের ভবিষ্যৎ ও পরিবারের স্বপ্ন ধ্বংস করে দেয়।
