পিবিআই নারায়ণগঞ্জের তিন কর্মকর্তা পেলেন আইজি ব্যাজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

ক্লুলেস হত্যা, ডাকাতি ও অপহরণ মামলার মূল রহস্য উদঘাটন এবং অপরাধ দমনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের ২০২৬ পুলিশ সপ্তাহে মর্যাদাপূর্ণ আইজি ব্যাজ পেয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জের তিন চৌকস কর্মকর্তা।

রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির মনোনীত কর্মকর্তাদের এই সম্মানজনক ব্যাজ পরিয়ে দেন।

এই প্রথম পিবিআই নারায়ণগঞ্জ থেকে একযোগে তিন তদন্তকারী কর্মকর্তা এই পুরস্কারে ভূষিত হলেন।

জানা যায়, পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদের (বিপিএম) নেতৃত্বে গত এক বছরে মার্চ ২০২৫-ফেব্রুয়ারি ২০২৬ জেলাটিতে উল্লেখযোগ্যসংখ্যক ক্লুলেস মামলার সমাধান হয়েছে।

আইজি ব্যাজ প্রাপ্ত তিন কর্মকর্তা ও তাদের সাফল্য, উপ-পরিদর্শক (এসআই) পুলক সরকার, সোনারগাঁ থানায় আলোচিত প্রতিবন্ধী সোহেল (৪১) হত্যা মামলার মূল রহস্য উন্মোচন, জড়িত সব আসামিকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারে অসামান্য দক্ষতার পরিচয় দেন।

উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ হোসেন রায়হান, আড়াইহাজার ও বন্দর থানায় মস্তকবিহীন দুটি লাশের পরিচয় শনাক্তসহ হত্যার মূল রহস্য উদঘাটন করেন। এছাড়া বন্দরে সালিশে হাতুড়িপেটায় শ্রমিক নিহত এবং ফতুল্লায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলার মূল আসামিদের গ্রেপ্তার করেন।

উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ দেলোয়ার হোসেন, রূপগঞ্জ থানার দুটি পৃথক ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন করেন। এর মধ্যে একটি হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার এবং ২০২২ সালের একটি পুরোনো যুবক হত্যা মামলার মূল আসামিদের গ্রেপ্তারে তিনি বিচক্ষণতার পরিচয় দেন।

বাংলাদেশ পুলিশের অত্যন্ত মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি প্রতি বছর পুলিশ সদস্যদের সাহসিকতা, প্রশংসনীয় কাজ ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। পিবিআই নারায়ণগঞ্জের এই সাফল্য জেলাজুড়ে সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।