জব্দ ভারতীয় চিংড়ি রেণু খালে অবমুক্ত

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা থানা পুলিশের অভিযানে আবারও ভারতীয় রেনু পোনা আটক করা হয়েছে। এর আগে গত কয়েকদিনে পুলিশের পৃথক পৃথক অভিযানে ২৫বল ভারতীয় রেণু পোনা জব্দ করা হয়। পরে সেগুলো ইছামতী নদী ও বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছিল।

সংশ্লিষ্ট পুলিশ সূত্র মতে, গতকাল বৃহস্পতিবার ভোর অনুমান ৫টার দিকে পুলিশ টিম অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার বহেরা নতুন মসজিদের সামনে সাতক্ষীরা-শ্যামনগরগামী মহাসড়কে পরিত্যাক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তায় ৪টি পলি বলে চিংড়ি মাছের রেনু পাওয়া যায়। মাছের রেনু বিষয়ে দেবহাটা মৎস্য কর্মকর্তা সাহেবকে অবহিত করা হয়।

মাছের রেনু দ্রুত মারা যাওয়ার সম্ভাবনা থাকায় মাছের রেণুু বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় জব্দকৃত রেণু পোনা দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, পুলিশ অফিসারবৃন্দ ও উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে দেবহাটার বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছে।

আটককৃত রেণু অবমুক্ত করার সময় সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে সতর্ক করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম। এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, এসআই মিজানুর রহমান, পিএসআই বিপ্লব মালাকার, এএসআই আকিজুর রহমানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। ওসি আব্দুল আলিম এসময় বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় অবৈধ পথে ভারতীয় রেণু পোনা এনে আমাদের দেশীয় হ্যাচারির সুনাম নষ্ট করছে।

তাই এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে বলে ওসি জানান।