নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের ভয়াবহ অবস্থা
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ ও বিস্ফোরণের ঘটনা যেন উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। গ্যাসলাইন লিকেজ থেকে গত ৭ দিনে ৩টি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। পৃথক তিনটি বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ মোট সাতজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় দগ্ধ হয়েছেন সর্বমোট ২১ জন।
সর্বশেষ গত ১৩ মে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় অবস্থিত জেরা মেঘনাঘাট পাওয়ার প্লান্ট সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির ১২ জন কর্মকর্তা-কর্মচারী অগ্নিদগ্ধ হন। আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও বাকি ছয়জনকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে শংকর (২৫) নামে একজন মারা যান।
এর আগে ১১ মে ফতুল্লার কুতুবপুরের লাকী বাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে বাবা-ছেলেসহ চারজন দগ্ধ হন। এদের মধ্যে দগ্ধ বাবা আব্দুল কাদের (৫০) মারা গেছেন। তিনি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
