চলন্ত প্রাইভেটকারে আগুন

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেসি রোড এলাকায় চলন্ত একটি প্রাইভেট কারে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি চলন্ত অবস্থায় হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। এ সময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে প্রাইভেট কারটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এ বিষয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফজলুল করিম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ হিসেবে প্রাথমিকভাবে শর্ট সার্কিটকে দায়ী করা হচ্ছে।