সড়ক দুর্ঘটনা ৪ বছরের শিশুর নিহত

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন প্রতাপপুর গ্রামে রাস্তা পার হওয়ার সময় ইউলাদ (৪) নামে এক শিশু মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে।

গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইউলাদ উপজেলার প্রতাপপুর গ্রামের বাদল ইসলামের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে ইউলাদ জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার জন্য বাবা বাদল ইসলামের কাছে বায়না ধরে। তাকে রেখে বাবা বাদল পার্শ্ববর্তী মসজিদে যান। এরপর শিশুটি কান্না করলে তার মা তাকে সঙ্গে করে মসজিদে নিয়ে যান বাবার কাছে। বাবা তাকে পার্শ্ববর্তী দোকান থেকে সিঙ্গাড়া কিনে বাড়ি চলে যাওয়ার জন্য বলেন। সে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ইউলাদ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে দর্শনা ক্লিনিকে, পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি শনাক্তের চেষ্টা চলছে।