ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নাটোর প্রতিনিধি
নাটোর সদর উপজেলার চৌগাছি উত্তরপাড়া গ্রামে মকছেদ হোসেন মানু (৭০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত তার স্ত্রী অতেজান বেগমকে (৫০) আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে কাফুরিয়া ইউনিয়নের চৌগাছি উত্তরপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মকছেদ হোসেন মানু ওই গ্রামের মৃত জিয়ারত সরকারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালের দিকে ঝগড়া হয়। এরপর মাঠে কাজ করতে যান মকছেদ হোসেন। সেখান থেকে ফিরে এসে অন্য দিনগুলোর মতোই নিজের ঘরে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েন। আগের কলহের জেরে ঘরের ভেতর থাকা ধারালো হাসুয়া দিয়ে ঘুমন্ত স্বামীর গলায় সরাসরি কোপ বসিয়ে দেন স্ত্রী অতেজান বেগম। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন মকছেদ হোসেন। এ অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত স্ত্রী অতেজান বেগমকে আটক করে পুলিশ।
নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, হত্যাকাণ্ডের শিকার বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্ত্রীকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
