‘ভবদহ সংকটের স্থায়ী সমাধানের দিকে আগান হচ্ছে’

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  যশোর প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার বাস্তবমুখী ও টেকসই পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, ভবদহ শুধু একটি এলাকার সমস্যা নয়, এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতির সঙ্গে জড়িত একটি বড় সংকট। সরকার জনগণের মতামত নিয়ে স্থায়ী সমাধানের পথে আগাচ্ছে।

গতকাল শনিবার যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আয়োজিত ‘ভবদহ এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও শিবসা-পশুর নদী অববাহিকার পলি ব্যবস্থাপনা পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অতীতে নানা উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে সমস্যা পুরোপুরি সমাধান হয়নি। এবার বিজ্ঞানভিত্তিক সমীক্ষা, নদী ব্যবস্থাপনা এবং স্থানীয় মানুষের অংশগ্রহণের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিমন্ত্রী বলেন, নদীকে বাঁচাতে হলে প্রাকৃতিক প্রবাহ সচল রাখতে হবে এবং পরিকল্পিতভাবে টিআরএমসহ প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

একইসঙ্গে কৃষি, পরিবেশ ও মানুষের জীবনযাত্রার ভারসাম্য রক্ষার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। কর্মশালায় ভবদহ ও বিল ডাকাতিয়া এলাকার জলাবদ্ধতা নিরসনে নদী খনন, অতিরিক্ত পাম্প স্থাপন, নতুন সংযোগ খাল নির্মাণ, রেগুলেটর সংস্কার এবং টিআরএম কার্যক্রম চালুর বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, স্থানীয় জনগণের সহযোগিতায় এসব পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার টেকসই সমাধান সম্ভব হবে। কর্মশালায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আজিম আহমেদ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাছরিন আক্তার খান। পরামর্শক প্রতিষ্ঠান আইডব্লিউএমের সিনিয়র স্পেশালিন্ট শেখ নাহিদুজ্জামান সমীক্ষা প্রকল্পের উপর পেপার উপস্থাপন করেন। আরও বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ভবদহ সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভবদহ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব সরদার এবং সাবেক ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ।