রাকসুর উদ্যোগে ফ্যাক্ট-চেকিং কর্মশালা

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাবি প্রতিনিধি

সঠিক তথ্য যাচাই এবং ভুয়া তথ্য মোকাবিলায় সচেতনতা বৃদ্ধিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) মিডিয়া ও প্রকাশনা বিভাগের উদ্যোগে ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র (সার্টিফিকেট) প্রদান করা হয়েছে।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্যা ডিসেন্ট-এর সম্পাদক কদরুদ্দিন শিশির। তিনি ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন কৌশল, তথ্য যাচাইয়ের পদ্ধতি এবং ডিজিটাল মিডিয়ায় গুজব শনাক্তকরণ বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

রাকসুর সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিবের সঞ্চালনায় প্রশিক্ষক কদরুদ্দিন শিশির বলেন, ওয়েবসাইটে ফ্যাক্ট-চেকিং এবং ভিজিটের মাধ্যমে জানা যায় কারা বেশি ভুয়া তথ্য ছড়ায়। তখন সেই পত্রিকা বা সংবাদমাধ্যমের প্রতি সতর্ক থাকা যায়। যদি কোনো সোর্স রাজনৈতিক প্রতিপক্ষ বা কারও প্রতি পক্ষপাতিত্ব করে, তাহলে সেই নিউজ গ্রহণযোগ্যতা হারাবে।

এছাড়াও তিনি বলেন, যেখানে ধর্মীয়, জরিপ, কনফ্লিক্ট এবং জাতীয়তাবাদী আবেগ আছে, সেসব নিউজের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অনেক সময় আবেগকে পুঁজি করে ভুল তথ্য ছড়ানো হয়। বিভিন্ন মিডিয়ায় ব্যবহৃত ফটোকার্ডের মতো ভুয়া ফটোকার্ড তৈরি করে বিভিন্ন ফেক পেইজ থেকে তথ্য প্রকাশ করা হয়।