রক্তমাখা চিঠি দিয়ে খামারিদের হত্যা ও ডাকাতির হুমকি
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার টেকুয়াপাড়া গ্রামে গো খামারি মালিকদের বাড়িতে রক্তমাখা চিঠি দিয়ে হত্যা ও ডাকাতির হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ চিঠিতে খামারিদের ঘরের দরজা খোলা রাখতেও বলা হয়েছে। এ ঘটনায় পুলিশের তৎপরতা ও বিশেষ তদন্ত শুরু করেছে। শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক দিনে দুর্বৃত্তরা ওই গ্রামে ১৫টি বাড়িতে রক্তমাখা এ চিঠি দেওয়া হয়েছে। এসব চিঠিতে দুর্বৃত্তরা নিজেদের রঘু ডাকাত পরিচয় দিয়ে এ চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, কালকে আপনাদের বাড়িতে ডাকাতি করতে আসব। এজন্য দরজা খোলা রাখবেন, না খুলে রাখলে জিন্দা খালাস? ইতি রঘু ডাকাত। এসব চিঠি খামারিদের ঘরের দরজার সামনে ফেলে রাখা হয় এবং এ চিঠি পাওয়ার পর গো খামারিদের মধ্যে হতাশার সৃষ্টি হয়। এছাড়াও একই গ্রামের কৃষক আবু সাঈদের বাড়ির গরু লুট করতে ব্যর্থ হয়ে তার মেয়েকে রক্তমাখা চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ওই চিঠিতে লেখা আছে, আপনার মেয়ের জন্য আজকে বেঁচে গেলেন, ভাইবেন না আবার বাঁচবেন। এই বছরের প্রথম বারের মিছ হলো ওই ম্যাডামের জন্য, দেখে লেবো, মেয়ে মানুষের এত সাহস ভালো না। কালকে রাতে বাঁচতে চাইলে দরজা খোলা রাখবেন। না রাখলে জিন্দা লাশ বানিয়ে দিবো। ইতি রঘু ডাকাত। কোড নং০৬।
এভাবে প্রতিটি চিঠিতে কোড নম্বর দেওয়া আছে। এদিকে কয়েকদিন আগে চেতনানাশক স্প্রের মাধ্যমে সবাইকে অচেতন করে খামারি আবু হোসেনের বাড়ি থেকে ১টি ষাঁড় ও আমজাদ হোসেনের বাড়ির শোকেজের লকার ভেঙে নগদ টাকা ও গহনা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন এবং এ দুটি ঘটনাও তদন্ত চলছে। এসব ঘটনা ঠেকাতে ওই গ্রামের যুবকরা রাত জেগে পাহারা দিচ্ছে। এমন অভিযোগে গত শনিবার দুপুরে বেশ কয়কটি ঘটনাস্থল তদন্ত করা হয়েছে এবং সেইসঙ্গে পুলিশের তৎপরতা ও বিশেষ তদন্ত এরইমধ্যে শুরু করা হয়েছে।
