নড়াইলে পিকআপ-ট্রলি সংঘর্ষে নিহত ১ আহত ৪
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নড়াইল প্রতিনিধি
নড়াইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার (১৮ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার নড়াইল-ঢাকা মহাসড়কের তালতলা ঘোষবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল ইসলাম বাবু (৩১) সাতক্ষীরা জেলা সদরের হাশেম আলীর ছেলে। আহতরা হলেন- নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের ইনামুল (১৯), ধুড়িয়া গ্রামের হুসাইন (১৮), আকাশ (১৮) ও একই গ্রামের আকাশ খান (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল থেকে লোহাগড়া অভিমুখী দুটি ট্রলি দ্রুতগতিতে পাল্লা দিয়ে যাচ্ছিল। এ সময় লোহাগড়া থেকে যশোরগামী একটি পিকআপের সংঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপের হেলপার মঞ্জুরুল ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় লোকজন ট্রলিতে থাকা আহত শ্রমিকদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, ‘দুর্ঘটনায় আহত হয়ে মোট চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ইনামুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের ওসি মোঃ সেকেন্দার আলী বলেন, ‘নিহত পিকআপের হেলপারের বাড়িতে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।
