ঘরের সিঁধ কেটে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খুলনা ব্যুরো

খুলনার কয়রা উপজেলায় ঘরের সিঁধ কেটে ঢুকে ভবতোষ মৃধা খোকা (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ভবতোষ মৃধা খোকা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন-এর ৩ নম্বর ওয়ার্ডের মৃত যশো মৃধার ছেলে। তিনি স্থানীয় গিলাবাড়ি বাজার-এ একটি ওষুধের দোকান পরিচালনা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার ভোররাতে একদল দুর্বৃত্ত ভবতোষ মৃধার বাড়িতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। এ সময় তিনি বিষয়টি টের পেলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাকে ঘরের ভেতরে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তার চিৎকার শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুজিত কুমার বৈদ্য বলেন, রাত সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় ভবতোষ মৃধাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়রা থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের কারণ উদ্?ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে নিহতের বাড়ি থেকে কোনো মালামাল খোয়া যায়নি। তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।