গর্ভের সন্তানসহ প্রেমিকা হত্যা মামলার আসামি মাসুদের মৃত্যুদণ্ড

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে গর্ভের সন্তানসহ প্রেমিকাকে হত্যার মামলায় আসামি মাসুদ মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে এই রায় দেন রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৩ জুলাই রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের গাজী খাঁ পিত্তিরচড়া-রাজারামপুর সড়কের পশ্চিম পাশে মতিয়ার রহমানের আখক্ষেতে এক অজ্ঞাতনামা নারী ও একটি শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পীরগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম মামলা দায়ের করেন। পরবর্তীতে র‌্যাব মাসুদকে গাজীপুরের তারাগঞ্জ থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন আসামি মাসুদ। পরে পুলিশের তদন্তে ওই নারীর পরিচয় বেরিয়ে আসে। ভুক্তভোগী ওই নারী ঢাকার আশুলিয়ার হামিম পোশাক কারখানার শ্রমিক সান্তনা বেগম (৩০)। তার বাড়ি বগুড়ায়। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, রংপুরের পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়নের মোনাইল গ্রামের সাহেব মিয়ার ছেলে মাসুদ মিয়ার সঙ্গে ঢাকায় পোশাক কারখানায় কাজ করার সময় সান্তনার সঙ্গে পরিচয় হয়। প্রথমে দুলাভাই-শ্যালিকার সম্পর্ক তৈরি হলেও একপর্যায়ে তা প্রেমে গড়ায়।