বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও যানবাহন জব্দ
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ ৫৫ বিজিবির অভিযানে জালিয়াতি করে অবৈধভাবে মালামাল পরিবহন করার সময় ২০০ বস্তা ভারতীয় জিরা ও একটি ট্রাকসহ দুইজন গ্রেপ্তার হয়েছে। জব্দ জিরা ও ট্রাকের মূল্য এক কোটি ১ লাখ টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার খারোবিল গ্রামের মো. সেলিম মিয়া ও লক্ষীপুর মো. আজমল হোসেন। গতকাল সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবির জানায়, এর আগে রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর নামক এলাকায় একটি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে ট্রাকটিকে থামায়।
এ সময় বিজিবি টহলদল কর্তৃক তল্লাশীকালীন গাড়িতে মালামালের সঙ্গে থাকা কাগজপত্র কাস্টমস কর্মকর্তাদের সহযোগিতায় যাচায়ান্তে নকল প্রমাণিত হওয়ায় দুই আসামীকে গ্রেপ্তারসহ তাৎক্ষণিকভাবে জিরা ও গাড়ি জব্দ করা হয়।
জানা যায় যে, কতিপয় অসাধু ব্যবসায়ী সম্প্রতি কাস্টমস কর্তৃক প্রদানকৃত মালামালের বৈধ ডকুমেন্ট পরিকল্পিতভাবে জালিয়াতি করে একই কাগজ প্রদর্শন করে অবৈধ মালামাল পরিবহন করে এবং পথিমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক মালামাল তল্লাশী ও কাগজপত্র যাচাই করার সময় চোরাকারবারীরা হুবহু আসলের মতো দেখতে জালিয়াতি কপি প্রদর্শন করে অবৈধ মালামাল পরিবহন করে সরকারের বিপুল অংকের রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। জালিয়াতি করার বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষের সহযোগিতায় শনাক্ত হয়।
