পারিবারিক পুষ্টিবাগান স্থাপনে প্রশিক্ষণ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শরীয়তপুর প্রতিনিধি

গোসাইরহাট উপজেলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক-কৃষাণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে ৩০ জন কৃষক-কৃষাণি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। এছাড়া প্রশিক্ষণ প্রদান করেন শরীয়তপুরের উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেন, অতিরিক্ত উপপরিচালক মো. রফিকুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন। প্রশিক্ষণে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনাকে কাজে লাগিয়ে পারিবারিক পুষ্টিবাগান গড়ে তোলার বিভিন্ন কৌশল, পুষ্টি ঘাটতি পূরণ, নিরাপদ সবজি ও ফল উৎপাদন এবং পারিবারিক আয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেকের মধ্যে চারটি করে ফলের চারা ও চার ধরনের সবজিবীজ বিতরণ করা হয়।