খোকসাতে খাল পুনর্খনন কাজের উদ্বোধন
প্রকাশ : ২০ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা শিমুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া থেকে একতারপুর ইউনিয়নের স্লুইসগেট পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সরকারি খাল স্বেচ্ছাশ্রমে পুনর্খননের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার শিমুলিয়া ইউনিয়নের কালিশঙ্করপুর এলাকায় স্বেচ্ছাশ্রমে খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্পে দেশব্যাপী নদী, নালা, খাল, জলধারা খনন ও পুনর্খনন কর্মসূচির আওতায় এতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন শ্রেণিপেশার অন্তত তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওয়াদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন, সহকারী কমিশনার ভূমি তাসনিম জাহান, জেলা ক্রান পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলার বিএনপি সভাপতি আলাউদ্দিন খান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন প্রমূখ।
এবিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দলীয় প্রায় তিন শতাধিক নেতাকর্মীদের নিয়ে খাল পুনর্খননের কাজ শুরু করা হয়েছে। যতদিন সরকারের এই প্রকল্প চালু থাকবে, ততদিন আমরা স্বেচ্ছাশ্রমে সরকারিকাজে সহযোগিতা করব।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ আলী বলেন, খাল পুনর্খনন হলে চাষাবাদ করে কৃষকরা লাভবান হবেন। জলাবদ্ধততা নিরসন হবে। খালে হাঁস পালন, মাছ চাষ করা যাবে। মানুষের পানিজনিত সকল সমস্যার সমাধান হবে।
এদিকে সরকারি খাল পুনর্খননে খুশি স্থানীয়রা। আশায় বুক বাঁধছেন তারা। স্থানীয় কৃষক রিয়াজ উদ্দিন বলেন, সবাই মিলে খালে খননের কাজ করছে। খাল খনন হলে পানি প্রবাহ স্বাভাবিক হবে। মাঠে ফসল ভালো হবে। এলাকায় নানামুখী উন্নয়ন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান বলেছেন, ‘সরকারি যে ভালো কাজ। এখানে যদি আপনারা ( জনগণ) অংশগ্রহণ না করেন, তাহলে তা সঠিক মাত্রায় গ্রহণযোগ্য পায় না। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে তার এই ৫ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করবেন। আমরা এই এই বৃহৎ কর্মযজ্ঞে আপনাদের সকলের অংশগ্রহণ চাই। কারণ এই দেশ আমাদের সবার। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। কাজের সঙ্গে মানুষকে যতবেশি সংযুক্ত করবেন।
ততবেশি সরকারের সঙ্গে সম্পৃক্ততা বাড়ছে। দেশের উন্নয়ন স্বতঃস্ফূর্ত হবে। সেজন্য প্রধানমন্ত্রীর সকল কর্মযজ্ঞে আপনার স্বতঃস্ফূর্র্ত অংশগ্রহণ চাই।’
