সুগন্ধা নদীতে সেতু নির্মাণ দাবি
প্রকাশ : ২১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি-নলছিটি যাতায়াতে সুগন্ধা নদীর উপর দ্রুত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ভুক্তভোগী জনগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। গতকাল বুধবার বেলা ১১টায় নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী একটি সেতুর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে।
ঝালকাঠি, খুলনা, যশোর, বাগেরহাট, পিরোজপুর ও মোংলা বন্দরের সাথে নলছিটি উপজেলাসহ বরগুনা, পটুয়াখালী ও পায়রা বন্দরের সড়ক যোগাযোগ সহজ করতে সুগন্ধা নদীর ওপর একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি।
বক্তারা আরও জানান, ১টি ফেরি ও অন্তত ৬টি খেয়াঘাট দিয়ে ইঞ্জিলচালিত নৌকায় ৫০ হাজারের অধিক যাত্রী প্রতিদিন এপার ওপার আসা যাওয়া করে। প্রতিদিন শিক্ষার্থী, রোগী, আদালতে বিচার প্রত্যাশীসহ বিভিন্ন ব্যবসায়ীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। বর্ষা মৌসুমে নদী পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, ফলে জরুরিসেবা ব্যাহত হয়। সমাবেশে কলেজছাত্র ইমন জানান, তিনি কয়েক দিন আগে ঝালকাঠি থেকে জরুরি প্রয়োজনে রাতে নলছিটিতে আসার জন্য কলেজ খেয়াঘাট এসে সারারাত বসে ছিলাম, ট্রালার পাইনি খেয়া পার হতে। অটোচালক আল আমিন বলেন, কয়েকদিন আগে ব্যাটারিচালিত অটোগাড়ি নিয়ে ঝালকাঠি গিয়েছিলাম; কিন্তু সময় মতো ফেরি না পাওয়ায় পরে বাধ্য হয়ে ৩৫০ টাকা দিয়ে পার হতে হয়েছে। ছাত্রনেতা রাতুল গাজী বলেন সুগন্ধা সেতু আমাদের প্রাণের দাবি। সমাজকর্মী তূর্য বলেন নলছিটির অর্থনৈতিক উন্নতির জন্য এ সুগন্ধা সেতু মূল ভূমিকা রাখবে। সেতু নির্মাণের জন্য কয়েক বছর আগে ঝালকাঠি স্থানীয় সরকার মন্ত্রণালয় (এলজিআইডি) এর পক্ষ থেকে সিআইবিআরআর প্রকল্পে একটি প্রস্তাব পাঠানো হয়ে ছিল; কিন্তু তার কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।
সমাবেশে বক্তারা দ্রুত প্রকল্প অনুমোদন ও সেতু নির্মাণকাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি জোর দাবি জানান। দাবি পূরণ না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তারা। সেতু নির্মাণের দাবিতে আরও বক্তব্য রাখেন শহীদ ওসমান হাদীর বোন মাছুমা হাদী, শহীদ সেলিম তালুকদার পিতা সুলতান তালুকদার প্রমুখ। মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় এমপি বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেওয়া হয়।
