দেবহাটায় জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশ : ২১ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ বলেছেন, সাতক্ষীরা একটি সম্ভাবনাময় জেলা। এই জেলার চিংড়ি একটি অন্যতম রপ্তানিকারক সম্পদ। এই চিংড়ি রপ্তানি করেই অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। এছাড়া সাতক্ষীরার বিভিন্ন নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্য আছে। সেগুলোকেও কাজে লাগিয়ে অনেক পর্যটক নিয়ে আসা সম্ভব। জেলা প্রশাসক পর্যটনের ওপরে অধিক গুরুত্ব দিয়ে সবার সহযোগিতা কামনা করে বরেন, আমরা সবাই সাতক্ষীরায় একটি নতুন আর্থায়নে কাজ করব। তিনি, সীমান্ত দিয়ে সব প্রকারের মাদক বন্ধ করাসহ সীমান্ত সুরক্ষায় লাইটিং ব্যবস্থা চালু করার বিষয়ে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, দেবহাটা একটি ছোট উপজেলা হলেও এই উপজেলার অনেক প্রাকৃতিক নিদর্শন আছে। জলাবদ্ধতা সাতক্ষীরার একটি গুরুত্বপূর্ণ সমস্যা উল্লেখ করে তিনি সব এলাকার জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন। আর এজন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি। জেলা প্রশাসক শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন, সাতক্ষীরা টু শ্যামনগর রাস্তা দ্রুত কাজ শেষ করাসহ সব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান। জেলা প্রশাসক কাউসার আজিজ গত মঙ্গলবার ১৯ মে দুপুর ১টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে দেবহাটার রাজনৈতিক নেতারা, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীমহলের সঙ্গে মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্লা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ প্রমুখ।