চুয়েটের জন্য ৪টি বাস দিচ্ছে জসিম উদ্দীন ফাউন্ডেশন
প্রকাশ : ২২ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এর চুয়েটের জন্য ৪টি বাস প্রদান করছে আলহাজ জসিম উদ্দীন ফাউন্ডেশন। এ উপলক্ষে চুয়েট ও আলহাজ জসিম উদ্দীন ফাউন্ডেশনের মধ্যকার এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বর্তমানে চুয়েটের তীব্র পরিবহন সংকট লাঘবে এই চুক্তির মাধ্যমে প্রাপ্ত বাসগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আশা করা যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার চুয়েটের সিন্ডিকেট কক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে চুয়েটের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন- চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং আলহাজ জসিম উদ্দীন ফাউন্ডেশনের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন আলহাজ জসিম উদ্দীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জসিম উদ্দীন। অনুষ্ঠানে চুয়েটের পক্ষে আরও উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, পরিবহন দপ্তরের পরিচালক সৈয়দ মাসরুর আহম্মদ এবং ছাত্রকল্যাণ অধিদপ্তরের সহকারী- পরিচালক মো. মাসুম রানা প্রামানিক। আলহাজ জসিম উদ্দীন ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের উদ্দিন তানসি, আলহাজ জসিম উদ্দীন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ মোক্তার আহমেদ, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ, সাংবাদিক এসএম ইউসুফ উদ্দিন, ব্যাংক কর্মকর্তা মো. বেলাল প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপপরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার (আইন ও এস্টেট) এসএম মোখতারুল মোস্তফা, সহকারী রেজিস্ট্রার (আইন ও এস্টেট) জোবায়ের হোসেন, জনসংযোগ কর্মকর্তা আইদিত ইবনে মঞ্জু প্রমুখ।
