সংবাদ প্রকাশের পর সড়কের মাঝখানের খুঁটি অপসারণ

প্রকাশ : ২২ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জ ও বরগুনার বেতাগী উপজেলার বেড়েরধন নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়কের মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটি অবশেষে সরান হয়েছে। গত বুধবার বিকালে খুঁটিটি সড়কের পাশের দিকে স্থানান্তর করা হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির সংযোগ সড়কের মাঝখানে খুঁটি থাকায় দীর্ঘদিন ধরে দুর্ঘটনার আশঙ্কা ছিল। এ নিয়ে গত ১৫ মে বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। মির্জাগঞ্জ উপজেলা প্রকৌশলী চন্দন কুমার বিশ্বাস খুঁটি সরানোর বিষয়টি নিশ্চিত করেছেন। দেউলী সুবিদখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহরিয়ার রহমান সুমন বলেন, সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই কাজ চলছিল। এলাকাবাসী বারবার খুঁটিটি সরানোর দাবি জানালেও শুরুতে কেউ গুরুত্ব দেয়নি। পরে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর গত বুধবার বিকালে খুঁটিটি সরানো হয়। এ বিষয়ে মির্জাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপ-অঞ্চলীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক পলক সাহা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ জমা দেওয়ার পর বুধবার বিকালে খুঁটিটি সড়কের পাশে সরিয়ে নেওয়া হয়েছে। জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে জাইকার অর্থায়নে মির্জাগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তর সেতু নির্মাণকাজ শুরু করে। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় এনায়েত এন্টারপ্রাইজ। সেতু ও সংযোগ সড়ক নির্মাণে মোট ব্যয় ধরা হয় ৬ কোটি ৩২ লাখ ৯৩ হাজার ৪৩৭ টাকা। সেতুর পূর্ব পাশে মির্জাগঞ্জ অংশের সংযোগ সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছিল। অবশেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সমন্বয়ে খুঁটিটি সরিয়ে নেওয়া হয়েছে।