সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, বিজিবির গুলি

প্রকাশ : ২৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে একদল চোরাকারবারিকে লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পশ্চিম গিয়ারপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির কঠোর অবস্থানের অংশ হিসেবে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজিবি সূত্র জানায়, ঘটনার সময় পাটগ্রাম উপজেলার কলসিমুখ বর্ডার আউটপোস্টের (বিওপি) একটি বিশেষ দল সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। রাত আনুমানিক ২টার দিকে আন্তর্জাতিক মেইন পিলারের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় একদল চোরাকারবারিকে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।