রাশিয়ায় মাইন বিস্ফোরণে মাদারীপুরের যুবক নিহত
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি
রাশিয়ায় মাইন বিস্ফোরণে সুরুজ কাজী নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি রুশ সেনাদের ক্যাম্পে বাবুর্চি হিসেবে কাজ করতেন।
নিহত সুরুজ কাজী মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাগছড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাহাবুদ্দিন কাজী। বৃহস্পতিবার (২১ মে) রাতে তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
নিহতের পরিবার জানায়, ৯ মাস আগে প্রতিবেশী এলেন মাতুব্বরের ছেলে দুলু মাতুব্বরের মাধ্যমে ৯ লাখ টাকার বিনিময়ে রাশিয়ায় পাড়ি জমান সুরুজ। সেখানে গিয়ে মাসে ৮০ হাজার টাকা বেতনে একটি কোম্পানিতে কাজ করছিলেন তিনি। পরে চলতি মাসে দালালদের প্রলোভনে পড়ে বেশি বেতনের আশায় রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধে যোগ দেন।
জানা গেছে, যুদ্ধরত একটি ক্যাম্পে বাবুর্চি ছিলেন সুরুজ। সম্প্রতি সেই ক্যাম্পে ইউক্রেনের মাইন বিস্ফোরণে নিহত হন তিনি। প্রথমে বিষয়টি গোপন রাখা হয়। পরে রাশিয়ায় অবস্থানরত দুই প্রবাসী বাংলাদেশি সুরুজের পরিবারকে মৃত্যুর খবর জানান। ঘটনার পর থেকে অভিযুক্ত দালাল দুলু মাতুব্বর ও তার সহযোগীরা পলাতক।
নিহতের বাবা সাহাবুদ্দিন কাজী বলেন, আমার বড় ছেলে এভাবে মারা যাবে, এটি কল্পনাও করতে পারিনি। আমি দালালদের বিচার চাই। আমার ছেলের মরদেহ ফেরত চাই।
সুরুজের বড় বোন শারমিন আক্তার বলেন, আমাদের ভাই সবাইকে কাঁদিয়ে এভাবে চলে যাবে বুঝতে পারিনি। বিদেশে যেতে নিষেধ করেছিলাম, কিন্তু দালালচক্রের প্রলোভনে আমার ভাই বিদেশে পাড়ি জমায়। শেষমেশ যুদ্ধে যোগ দিয়ে প্রাণ হারিয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান বলেন, রাশিয়ায় যুদ্ধে যুবক সুরুজ কাজী নিহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
