কুমিল্লায় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশ : ২৪ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও কুমিল্লা জেলা প্রশাসন ৪ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল শনিবার বিকালে কবি নজরুল ইন্সটিটিউট থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চেতনায় নজরুল ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে কবি’র প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পী ও নজরুল একাডেমির অংশগ্রহণে নজরুল সংগীত, আবৃত্তি এবং কবি’র জীবন ও দর্শন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালেক, নজরুল গবেষক শান্তিরঞ্জন ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, জ্যেষ্ঠ সাংবাদিক আবুল হাসনাত বাবুলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।