পানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দাবি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সাম্প্রতিক পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে পানিতে তলিয়ে যাওয়া ধানখেতের ক্ষতিগ্রস্ত কৃষক ও বর্গাচাষীদের দুর্দশার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ খেতমজুর সমিতি, কলমাকান্দা উপজেলা কমিটি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি পাঠানো হয়। এতে উপজেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ ধানখেত পানিতে তলিয়ে যাওয়ায় কৃষক ও বর্গাচাষিদের ব্যাপক ক্ষতির বিষয়টি উল্লেখ করা হয়। স্মারকলিপিতে বলা হয়, কলমাকান্দা উপজেলার হাজার হাজার কৃষক পরিবার ধানের ওপর নির্ভরশীল। সারা বছরের খাদ্য চাহিদা, সংসারের ব্যয়, সন্তানের পড়াশোনা, চিকিৎসা খরচ এবং বিভিন্ন প্রয়োজনীয় কাজের জন্য তারা ধান বিক্রির ওপর নির্ভর করে থাকেন।
অনেক কৃষক ঋণ কিংবা ধারদেনা করে চাষাবাদ করেছেন। কিন্তু হঠাৎ পানিতে ধান তলিয়ে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। বিশেষ করে বর্গাচাষিরা নগদ টাকা দিয়ে জমি লিজ নিয়ে চাষাবাদ করায় তাদের ক্ষতির পরিমাণ আরও বেশি হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, ফসলহানির কারণে কৃষকদের পক্ষে ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে এবং অনেক পরিবার মানবেতর পরিস্থিতির আশঙ্কায় রয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কৃষিঋণ ও কিস্তি আদায় স্থগিত, কৃষি ব্যাংকের ঋণ মওকুফ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তালিকাভুক্ত করে অন্তত আগামী ফসল ওঠা পর্যন্ত পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদানের দাবি জানানো হয়েছে।
পাশাপাশি হাওর, খাল ও নদী ভরাট হয়ে যাওয়ায় সামান্য অতিবৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে উল্লেখ করে দ্রুত খননের উদ্যোগ নেওয়ারও দাবি জানানো হয়। স্থানীয়দের মতে, কৃষকেরা এখন সবচেয়ে কঠিন সময় পার করছেন। তাই দ্রুত সরকারি সহায়তা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
