মাদককারবারিকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন এলাকায় ৯৩ পিস ইয়াবাসহ বাবুল (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে জুতার মালা গলায় পরিয়ে বাজার ঘুরিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গতকাল সোমবার বেলা ১২টার দিকে দক্ষিণ আইচা বাজারের উত্তর মাথা মেইন সড়কের পণ্ডিত বাড়ির সামনে তাকে আটকের পর দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ?আটক মাদক ব্যবসায়ী বাবুল চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুছা মাঝির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাত্র-জনতার একটি দল দক্ষিণ আইচা বাজারের উত্তর মাথা মেইন সড়কের ওপরে পণ্ডিত বাড়ির সামনে অভিযান চালিয়ে বাবুলকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে। এ সময় তার ব্যবহৃত একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয় এবং তার কাছ থেকে ৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে বাজারে ঘুরিয়ে দক্ষিণ আইচা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। দক্ষিণ আইচা থানা ছাত্রদল নেতা মো. সোহেল, মনির হোসেন ও আফজাল হোসেন জানান, বাবুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার কারণে যুবসমাজ ধ্বংসের মুখে। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানালেও অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। ?দক্ষিণ আইচা থানার (ওসি) মো. আহসান কবির জানান, আটক বাবুলের বিরুদ্ধে দক্ষিণ আইচা থানায় একাধিক মামলা রয়েছে।
