মহাসড়কে পণ্যবাহী যানবাহনে নিরাপত্তা দিচ্ছে পুলিশ
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তরবঙ্গের মহাসড়কে চাপ ক্রমশ বাড়ছে।
এজন্য ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কে চলাচলকারী মূল্যবান পণ্যবাহী যানবাহনগুলোকে বিশেষ নিরাপত্তা দিচ্ছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। গত রোববার বিকাল থেকে এ কার্যক্রম চালু করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গে চলাচলকারী পণ্যবাহী যানবাহন যমুনা সেতু অতিক্রম করার পর পুলিশের বিশেষ এসকর্টের মাধ্যমে সিরাজগঞ্জের সীমান্ত এলাকা পার করে দেয়া হচ্ছে এবং জেলা সীমান্ত থেকে একই নিরাপত্তায় ঢাকার উদ্দেশ্য যমুনা সেতু পার করে দেওয়া হচ্ছে।
এজন্য যানবাহনের চালকদের যেকোনো প্রয়োজনে যমুনা সেতু পশ্চিম থানা ও পুলিশ কন্টোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে এবং সেইসঙ্গে ৯৯৯ এ জানানো যাবে। এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু মহোদয়ের বিশেষ দিকনির্দেশনায় ঈদ উপলক্ষে মহাসড়কে নিরাপত্তায় সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ ঈদের সামনে দুর্বৃত্তরা মহাসড়কের বিভিন্ন স্থানে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এ কারণে মহাসড়ক নিরাপদ রাখতে পুলিশের এসকর্ট পদ্বতি চালু করা হয়েছে। এতে যানবাহন ও যাত্রীরা নিরাপদে বাড়ি ফিরতে পারবে। অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বলেন, গত রোববার বিকাল থেকে মহাসড়কে চলাচলকারী পণ্যবাহী যানবাহনসহ দূরপাল্লার যাত্রীবাহী বাসের নিরাপত্তা দেওয়া হচ্ছে।
পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর নির্দেশে প্রায় রাতদিন মহাসড়কে এ নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং পুলিশের হেডকোর্যাটার মহাসড়কের এ নিরাপত্তা মনিটরিং করছে। এদিকে জেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে মহাসড়কে নিরাপত্তায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে এবং এরমধ্যে মহাসড়কে চলাচলকারী যানবাহনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ নির্দেশে মহাসড়কে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
