স্বেচ্ছাসেবী সংগঠন আবাবিলের আত্মপ্রকাশ

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

‘প্রভাতের আলোয় একঝাঁক পায়রা’ এই স্লোগানে ‘আবাবিল’ নামক একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। সমাজের গুণিজনদেরকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে ‘আবাবিলের’ আত্মপ্রকাশের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনটির মূল উদ্দেশ্য হলো, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আত্মসামাজিক মান উন্নয়নে পাশে দাঁড়ানো, মাদকমুক্ত সমাজ গঠন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিতকরণ। সংগঠনটির কর্মকর্তাদের দৃঢ় প্রত্যয় হচ্ছে, সমাজের সর্বশ্রেণির মানুষ উক্ত সংগঠনটির পাশে দাঁড়িয়ে তাদের কার্যক্রমকে আরও গতিশীল এবং বিস্তৃত করতে সহযোগিতা এবং পরামর্শ প্রদান করবেন।

গত শুক্রবার উপজেলার চরশ্রীপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ওসমান গনি বাবলা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, বিশিষ্ট ক্রীড়াবিদ শিক্ষক আফসার আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, শিক্ষাবিদ প্রফেসর রবিউল ইসলাম ও আবুল হাসান, দরদীর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও দরদীর অন্যতম পরিচালক নাসিম হোসেন।

এ সময় ইউপি সদস্য কামাল হোসেন, ‘আবাবিল’ পরিবারের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সুমন, শরিফুল ইসলাম, কবির হোসেন, খায়রুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন হাফেজে কোরআন, বীর মুক্তিযোদ্ধারা, হাজিরা, বিশিষ্ট কবি ও সাহিত্যিক, ক্রিয়াবিদ, সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক, আলোকিত পিতামাতা, কৃত শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এই সংগঠনটির মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা দূরীকরণ ও আলোকিত মানুষ তৈরিতে কার্যকরি ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।