গৃহবধূর মাথা ন্যাড়া স্বামী ও ননদ গ্রেপ্তার
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও ননদের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই নির্যাতনের ঘটনার পর অভিযুক্ত স্বামী চাঁদ আলী খাঁ এবং ননদ সান্তনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চাঁদ আলী খাঁ পেশায় একজন ইট ভাটার শ্রমিক। তিনি উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের মৃত হাবিবুর রহমান হবি খাঁর ছেলে। এর আগে, গত রোববার (২৪ মে) সকাল ৮ টার দিকে ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহবধূ জানান, যৌতুক হিসেবে এর আগে ১ লাখ ৫০ হাজার টাকার জন্য স্বামী চাঁদ আলী খাঁ ও ননদ সান্তনা খাতুন চাপ দিলে আমার বাবা সেই টাকা দেয়। আবারও আমার স্বামী চাঁদ আলী খাঁ ও ননদ সান্তনা খাতুন টাকার জন্য চাপ দিলে এতে সাঁড়া না দেওয়ায় স্বামী ও তার বোন প্রায়ই আমাকে মারধর করে। বিয়ের পর থেকেই প্রায়শই এমন নির্যাতন করা হতো বলে দাবি করেন তিনি। ভুক্তভোগী তানিয়া খাতুন অভিযোগ করে বলেন, আমার স্বামীকে সময়মতো বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। এক পর্যায়ে আমার ননদ সান্তনা খাতুনের সহযোগিতায় চুল কাটার মেশিন দিয়ে আমার মাথার চুল কেটে দেয়।
