কুষ্টিয়ায় হামে বৃদ্ধার মৃত্যু
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত হয়ে সুফিয়া (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল রোববার গভীর রাতে তার মৃত্যু হয়। মৃত সুফিয়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ওমর আলীর মেয়ে। এ নিয়ে চলতি বছরের গত ৪ মাসে কুষ্টিয়ায় হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। এর মধ্যে ১২ জন শিশু এবং একজন বৃদ্ধা রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৯ মে জ্বর, সর্দি-কাশি ও শরীরে র্যাশ উপসর্গ নিয়ে সুফিয়া খাতুন হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার গভীর রাতে তিনি মারা যান। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন জানান, জেলায় হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১ হাজার ৫৯৪ জন রোগী ভর্তি হয়েছেন।
