ডাকাতির পর স্বামী-স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপ
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
জামালপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্বামী-স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ ওই দম্পতি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার গভীর রাতে ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টংগের আলগা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা আল আমিনের পাকা বাড়িতে আগে থেকেই একটি সংঘবদ্ধ ডাকাত দল অবস্থান নেয়। গভীর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে ডাকাতরা ঘরের বিভিন্ন স্থানে থাকা নগদ প্রায় ৪ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে।
লুটপাট শেষে বাড়ি থেকে বের হওয়ার সময় ডাকাতরা আল আমিন (৩২) ও তার স্ত্রী আখিয়া আক্তারের (২৮) শরীরে এসিড ছুড়ে মারে। এতে তারা গুরুতর দগ্ধ হন।আল আমিনের চাচা হাসর আলী জানান, গভীর রাতে তাদের চিৎকার শুনে স্বজনরা ছুটে এসে দম্পতিকে উদ্ধার করেন। প্রথমে তাদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তারা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ইসলামপুর থানার তদন্ত কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
