রাজশাহী কলেজ গর্বের প্রতিষ্ঠান : মন্ত্রী
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজশাহী ব্যুরো

রাজশাহী কলেজ আমাদের সবার কাছে মায়ের মতো। এই শিক্ষা প্রতিষ্ঠানটি শুধু বাংলাদেশ বা এই উপমহাদেশেই নয়, বরং সারা বিশ্বে এক সুমহান সম্মানের অধিকারী এবং এর সন্তান হওয়া অত্যন্ত গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহী কলেজ অডিটোরিয়ামে রাজশাহী কলেজ ও রাজশাহী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল রোববার সকালে ২০২৫ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যে জাতি বা যে প্রতিষ্ঠান তার কৃতি সন্তানদের স্বীকৃতি ও সম্মান দেয় না, সে জাতি কখনও উন্নত হতে পারে না। তিনি মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মেধার স্বাক্ষর রেখে তারা যেন বিশ্বের সেবা করে এবং সফলতার সর্বোচ্চ শিখরে আরোহণ করে পুনরায় মাতৃভূমির সেবায় আত্মনিয়োগ করে। বক্তব্যে ভূমিমন্ত্রী রাজশাহী কলেজের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, এই প্রতিষ্ঠান বিভিন্ন বরেণ্য ব্যক্তিদের জন্ম দিয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দৃষ্টি রয়েছে রাজশাহী কলেজের ওপর।রাজশাহী কলেজের অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, ভবিষ্যতে কলেজের জন্য একটি নতুন আধুনিক অ্যাকাডেমিক ভবন এবং অডিটোরিয়াম নির্মাণ করা হবে। এছাড়া নারী শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে রানী হেমন্ত কুমারী হিন্দু ছাত্রাবাসটিকে আরও বড় পরিসরে সংস্কার করার পরিকল্পনা রয়েছে। মন্ত্রী কলেজের খেলার মাঠটি সংস্কার করে আরও আধুনিক করার বিষয়েও আশ্বাস প্রদান করেন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফান্ডে আর্থিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ইব্রাহিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা, উপাধাক্ষ্য আবু মো. ইউনুছ আলী, রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, রাজশাহী কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল ও সম্পাদক ডা. তাহসিনা শামীম তাসু।
