জেলের জালে পাওয়া ড্রোনসদৃশ বস্তু থানায় হস্তান্তর
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা উপজেলার জেলেদের জালে ধরা পড়েছে একটি অস্বাভাবিক লাল রঙের ড্রোনসদৃশ রহস্যময় বস্তু। গভীর সমুদ্রে মাছ ধরার সময় জালে আটকা পড়া এই বস্তুটি পরে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত রোববার বিকেল ৪টার দিকে চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট এলাকার একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় মাছ শিকার করছিল। এ সময় জাল তুলতে গিয়ে জেলেরা বিমানের আকৃতির একটি রহস্যময় বস্তু দেখতে পান। বস্তুটির সঙ্গে ডানা ও পাখার মতো অংশ ছিল। জালে পেঁচিয়ে যাওয়ায় এটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে পানিতে পড়ে যায়। পরে সেটি উদ্ধার করে সোমবার সকালে পাথরঘাটায় নিয়ে আসা হয় এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় জেলে মিরাজ হোসেন জানান, জালে ধরা পড়া বস্তুটি দেখতে অনেকটা ছোট আকারের বিমানের মতো। এর গায়ের রং ছিল উজ্জ্বল লাল এবং আকৃতিও ছিল বেশ অস্বাভাবিক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বস্তুটি লম্বাটে আকৃতির এবং দেখতে ড্রোন বা স্বয়ংক্রিয় উড়ন্ত যন্ত্রের মতো। অজানা এই বস্তুটিকে ঘিরে এলাকায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
তবে বস্তুটি সমুদ্রের ঠিক কোন স্থান থেকে জালে ধরা পড়েছে কিংবা এটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে জেলেরা সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, এটি সমুদ্রের তলদেশে জরিপ কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত কোনো বিশেষ ড্রোন বা স্বয়ংক্রিয় যন্ত্র হতে পারে। আবার অনেকে মনে করছেন, এটি কোনো বিদেশি গবেষণা কার্যক্রম বা সামরিক মহড়ার অংশও হতে পারে। তবে এসব বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে পাথরঘাটা থানার মোবাইল ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ সোহান বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর বিমানের আকৃতির রহস্যময় বস্তুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
রহস্যময় বস্তুটির প্রকৃত পরিচয় উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষায় রয়েছে স্থানীয় বাসিন্দারা।
