গৃহকর্মীকে চুরির অপবাদে নির্যাতনের অভিযোগ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গৃহকর্মী আয়না খাতুনকে (১৮) চুরির অভিযোগে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা দম্পতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এরইমধ্যে বিশেষ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি রাকিবুল ইসলাম। তিনি জানান, শহরের বিএ কলেজের দক্ষিণ এলাকায় ভাড়া বাসায় বসবাসকারী ডা. মো. নূরুল ইসলামের বাসায় দীর্ঘদিন ধরে গৃহকর্মীর কাজ করতেন আয়না খাতুন। অসুস্থ হয়ে পড়ায় গত ২৩ মে তাকে বেতন পরিশোধ করে ছুটি দেওয়া হয়। পরে ৩০ মে ওই ডাক্তারের স্ত্রী শিক্ষিকা শিউলি বেগম জরুরি কাজের কথা বলে গৃহকর্মীকে পুনরায় বাসায় ডেকে আনেন। এরপর তাকে একটি কক্ষে আটকে রেখে স্বর্ণালংকার চুরির অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে গৃহকর্মী আয়না খাতুন এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন। এরপরও ওই দম্পতি তাকে মারধর ও নির্যাতন করেন এবং গহনা ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গহনা ফেরত না দিলে তার বাবা ও স্বামীকে নানাভাবে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। নির্যাতনের কারণে গৃহকর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী আয়না খাতুন সিরাজগঞ্জ পৌর এলাকার কোল গয়লা মহল্লার জয়নাল আবেদীনের মেয়ে। এদিকে, অভিযুক্ত দম্পতির পক্ষ থেকেও ওই গৃহকর্মীর বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। দুই পক্ষের অভিযোগই পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।