শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা টাউন হলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। এ সময় জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এমএন আবছার ও সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ছিল দেশের মানুষের কল্যাণে। বর্তমান সরকার তার আদর্শ ও দেখানো পথে বাংলাদেশ গড়ার পথে হাটছে। সে যাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীকে দেশের মানুষের কল্যাণে উদ্যোগী হতে আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শুরুর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।