প্রতারণার অভিযোগে যুবক আটক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি
কখনো সিআইডির এসপি ও ডিসি আবার কখনো সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা বলে নিজেকে পরিচয় দিতেন নাঈম হোসেন (২৮) নামে এক যুবক। এসব পরিচয় ব্যবহার করে বিভিন্ন জনকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। অবশেষে তার প্রতারণা প্রকাশ পেলে নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হাতে আটক হয়। এ সময় তার কাছ থেকে ৪টি মোবাইল ও ৩৮টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড উদ্ধার করা হয়েছে। আটক নাঈম হোসেন বগুড়ার আদমদীঘি উপজেলার পোওতা গ্রামের বাবুর ছেলে।
গতকাল বুধবার বিকালে জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান। এর আগে মঙ্গলবার মধ্যরাতে বগুড়া জেলার সান্তাহার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান,গত ২৫ মে অজ্ঞাতনামা একজন ব্যক্তি নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে একজন হোমিও ঔষুধ ব্যবসায়ীর কাছে ফোন দিয়ে বলে যে আপনার ওষুধ সেবন করে একজন শিশু মারা গেছে। এখন ৫ লাখ টাকা না দিলে আপনার নামে মামলা হবে। সেই ওষুধের দোকানদার মামলা মোকদ্দমার ভয়ে ওই ব্যক্তির নগদ নম্বরে ২০ হাজার ৩০০ টাকা প্রেরণ করে।
গত ৩০ মে সেই একই ব্যক্তি নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে একজন বিকাশ ও নগদ ব্যবসায়ীকে ফোন দিয়েবলে যে আপনার দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন করা হয়। আমাকে ৪০ হাজার টাকা না দিলে আপনার নামে মামলা হবে। তিনি আরও জানান, এ ধরনের প্রতারণার অভিযোগ আসলে জেলা গোয়েন্দা শাখা এবং আইসিটি শাখাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নাঈম হোসেন নামে এই প্রতারককে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বেশ কিছুদিন যাবত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন। তার নামে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
